দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে পাবনায় চলছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়েছেন হাজারো ভক্ত। ধর্মীয় নানা আয়োজন, ভক্তিগীতি ও মহাপ্রসাদ বিতরণকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণ।
শনিবার শুরু হওয়া এ আয়োজনে প্রভাতে সমবেত প্রার্থনা, মাঙ্গলিকী, তারকব্রহ্ম নামসংকীর্তন, সকাল ও সন্ধ্যায় নাম-ধ্যান, সদ্গ্রন্থাদি পাঠ, ভক্তিগীতি এবং বিশ্বকল্যাণে বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
মহোৎসব উপলক্ষে হাজারো ভক্তের জন্য চলছে মহাপ্রসাদ রান্নার আয়োজন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা নিজেরাই রান্না ও পরিবেশনের কাজে অংশ নিচ্ছেন। এতে আশ্রমজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
শেষ দিনের কর্মসূচিতে রয়েছে লীলাকীর্তন, শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ঋত্বিক পরিষদ সভা, যুব সম্মেলন, ঋত্বিক সম্মেলন, কিশোরমেলা ও মহাপ্রসাদ বিতরণ। এছাড়া ধর্মসভা, লোকরঞ্জনসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনও থাকছে।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের অংশগ্রহণে প্রতিবছরই এ আয়োজন মিলনমেলায় পরিণত হয়। ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন ও আদর্শ ব্যক্তিজীবন ও সমাজজীবনে প্রতিফলিত করাই তাদের মূল লক্ষ্য।
দুই দিনের এ আয়োজনের শেষ দিনের বিভিন্ন অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী অংশ নেন।
সৎসঙ্গ বাংলাদেশের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মণ বলেন, ‘ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ ও দর্শন মানুষের জীবনকে সুন্দর ও কল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ভক্ত মহোৎসবে অংশ নিয়েছেন।’
নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির পর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির খেলা এবং সন্ধ্যার সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে এবারের ১৩৯তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব।
এমএম/